প্রিন্ট এর তারিখঃ Aug 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিস্থলে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব এবং জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার কবি। অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে তাঁর সাহসী উচ্চারণ বাঙালি জাতিকে যুগে যুগে অনুপ্রাণিত করেছে। তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক দর্শন আজও মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস।
নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আদর্শ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন জাসাসের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।